[english_date]

সিলেট-৫:  লন্ডনে মুফতি আবুল হাসানের সমর্থনে সভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী মুফতি আবুল হাসানের বিজয় নিশ্চিত করতে প্রবাসে জনমত গঠন করা হচ্ছে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত ৮টায় ইস্ট লন্ডনের মাইক্রো বিজনেস পার্কে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের নেতাকর্মীদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম মামরখানীর সভাপতিত্বে এবং লন্ডন মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ইসলামী সিলেট মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহিন, জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি কামাল এমসি রহমান, জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সেক্রেটারি আবুল হোসেন।

এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ সভায় উপস্থিত হয়ে প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় বক্তারা বলেন, সিলেট-৫ আসনের সার্বিক উন্নয়ন এবং একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে মুফতি আবুল হাসানের মতো যোগ্য ও আদর্শবান প্রার্থীর বিকল্প নেই। তারা জকিগঞ্জ ও কানাইঘাটের প্রবাসীদের নিজ নিজ এলাকার স্বজন ও ভোটারদের সাথে যোগাযোগ রক্ষা করে আগামী নির্বাচনে দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দিয়ে মুফতি আবুল হাসানকে বিজয়ী করার উদাত্ত আহ্বান জানান।

সভায় উপস্থিত নেতাকর্মীরা বিশ্বাস করেন, দেশে ও প্রবাসে যে অভূতপূর্ব সাড়া তৈরি হয়েছে, তাতে সঠিক জনমত প্রতিফলিত হলে সিলেট-৫ আসনে ১১ দলীয় ঐক্যের বিজয় সুনিশ্চিত।