১৬ ফেব্রুয়ারি, ২০২৬

হারিকেনে আলো জ্বালাতে পারলেন না বিলাল উদ্দিন, জামানত বাজেয়াপ্ত

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের জয় নিয়ে অতি-আত্মবিশ্বাসী থাকা মুসলিম লীগের প্রার্থী মো. বিলাল উদ্দিনের শোচনীয় পরাজয় হয়েছে। ‘হারিকেন’ প্রতীক নিয়ে তিনি পুরো আসনে মাত্র ৩৭২ ভোট পেয়েছেন। মোট প্রদত্ত বৈধ ভোটের এক-অষ্টমাংশ না পাওয়ায় বিধি অনুযায়ী তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

‎নির্বাচনী প্রচারণাকালে বিলাল উদ্দিন দাবি করেছিলেন, নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের ৮০ শতাংশ ভোট তাঁর বাক্সে পড়বে এবং তিনি বড় ব্যবধানে জয়লাভ করবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে তিনি কেবল স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদকে (চাকসু মামুন) আমলে নিতেন, বাকিদের কাউকে প্রতিদ্বন্দ্বী হিসেবেই গণ্য করতেন না। এমনকি ভোটের কয়েক দিন আগে নিজের বিজয় ‘সুনিশ্চিত’ বলে ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে নির্বাচনের ফলাফলে দেখা গেছে, বিলাল উদ্দিনের সেই দাবির কোনো প্রতিফলন ঘটেনি।

‎নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী, এই আসনে জয়ী হয়েছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি আবুল হাসান (দেয়াল ঘড়ি)। তিনি পেয়েছেন ৭৯,৩৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-জমিয়ত জোটের মাওলানা উবায়দুল্লাহ ফারুক (খেজুরগাছ) পেয়েছেন ৬৯,৭৭৪ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ (চাকসু মামুন) ৫৭,২৫১ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

‎বিলাল উদ্দিনের এই সামান্য ভোট প্রাপ্তি এবং জামানত হারানোর বিষয়টি এখন স্থানীয় ভোটার ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।