সিলেটের শীর্ষস্থানীয় কওমি মাদরাসা জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা বরাবরের মতো এবারও আল হাইআতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। দাওরায়ে হাদীস (মাস্টার্স) পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ১৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে ৩ জন জাতীয় মেধাতালিকায় স্থান করে নেওয়াসহ মোট ১৪ জন শিক্ষার্থী ‘মুমতাজ’ (স্টার মার্ক) পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
এবারের ফলাফলে দেখা গেছে, জামেয়া রেঙ্গার শিক্ষার্থীরা সিলেট বিভাগের মধ্যে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। কেন্দ্রীয় মেধাতালিকায় ১২তম, ১৫তম ও ২৪তম স্থানসহ ১৪ জন মুমতাজ পেয়েছেন।
জামেয়ার এই আকর্ষণীয় ফলাফলে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছেন জামেয়ার মুহতামিম মাওলানা শায়খ মুহিউল ইসলাম বুরহান। তিনি কৃতি শিক্ষার্থীদের উষ্ণ অভিবাদন জানিয়ে বলেন, ‘শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে।’ পাশাপাশি তিনি জামেয়ার সকল শুভাকাঙ্ক্ষী, ফুযালা ও তালাবায়ে কেরামকেও অভিনন্দন জানান।
উল্লেখ্য, প্রতি বছরই আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম ও আল হাইআতুল উলইয়ার কেন্দ্রীয় পরীক্ষায় জামেয়া রেঙ্গার শিক্ষার্থীরা ঈর্ষণীয় মেধার স্বাক্ষর রেখে চলেছে। এখান থেকে ফারেগ হওয়া ফুযালাগণ বর্তমানে দেশের বিভিন্ন উল্লেখযোগ্য মাদরাসায় শিক্ষকতা (তাদরীস) ও ধর্মীয় অঙ্গনের বিভিন্ন শাখায় অত্যন্ত সুনামের সাথে খেদমত আঞ্জাম দিচ্ছেন।
আগামী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমও শুরু হয়েছে।
ভর্তি পরীক্ষা : ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি (২৮ মার্চ ২০২৬) থেকে ১২ শাওয়াল (৩১ মার্চ ২০২৬) পর্যন্ত।
সবক শুরু : ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি (১ এপ্রিল ২০২৬), বুধবার।
প্রয়োজনীয় কাগজপত্র : ভর্তিচ্ছুদের গত বছরের বার্ষিক এবং ফাইনাল পরীক্ষার মূল সনদ/নম্বরপত্র, মাদরাসা কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র, জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে।
বিস্তারিত তথ্যের জন্য নিচের মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করতে হবে।
০১৭১৬-৮০৪৬৩৪, ০১৭৫৪-৮৮৬৩৬৩, ০১৭১৫-৩৯৬৬৮৫।