পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার তদারকি জোরদার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলটির আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ আহ্বান জানান।
গরিব ও মধ্যবিত্ত মানুষের কষ্ট লাঘবে জরুরি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি অসাধু মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানান তিনি।
ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, রমজান মাসকে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ হিসেবে না দেখে মানবিকতা ও দায়িত্ববোধের সঙ্গে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে হবে। রোজাদার মানুষের কষ্ট লাঘবে সহযোগিতার মনোভাব প্রদর্শন করাই ইসলামের শিক্ষা।
বিবৃতিতে আরও বলা হয়, রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করা এবং অনাচার-অবিচার-অত্যাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের রমজানের পবিত্রতা রক্ষায় সচেষ্ট থাকা, ইবাদত-বন্দেগিতে অধিক মনোযোগী হওয়া এবং আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাধ্যমে সমাজ সংস্কারের কাজে আত্মনিয়োগের আহ্বান জানান দলটির আমির ও মহাসচিব।