১৭ মার্চ, ২০২৬

মামুনুল হক, পাটওয়ারী, সারজিস, মান্নাসহ আলোচিত যেসব প্রার্থী হারলেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে একাধিক আসনে শেষ মুহূর্ত পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পরাজিত হয়েছেন বিভিন্ন দলের বেশ কয়েকজন আলোচিত ও হেভিওয়েট প্রার্থী। প্রচারণা, জনপ্রিয়তা কিংবা রাজনৈতিক অবস্থানের কারণে যারা আলোচনার কেন্দ্রে ছিলেন, ফলাফলে তাদের অনেকেই ছিটকে গেছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী (ঢাকা-৮) : রাজধানীর অন্যতম আলোচিত আসন ঢাকা-৮ এ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী। জমজমাট প্রচারণার পর প্রায় পাঁচ হাজার ভোটে পরাজিত হন তিনি।

সারজিস আলম (পঞ্চগড়-১) : ‘জুলাই যোদ্ধা’দের সমন্বয়ক হিসেবে পরিচিত সারজিস আলম পঞ্চগড়-১ আসনে লড়েন। ধানের শীষ প্রতীকে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির ১ লাখ ৮৬ হাজার ১৮৯ ভোট পেয়ে জয়ী হন। সারজিস আলম পান ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট। ফল ঘোষণার পর তিনি বিজয়ীকে অভিনন্দন জানান।

তাসনীম জারা (ঢাকা-৯) : এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনীম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে অংশ নেন। তবে বিএনপির প্রার্থী হাবিবুর রহমানের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়ে তৃতীয় অবস্থানে থাকেন।

 

মামুনুল হক (ঢাকা-১৩) : ঢাকা-১৩ আসনে বিএনপির ববি হাজ্জাজের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেন বাংলাদেশ খেলাফতে মজলিশের নেতা মামুনুল হক। ২ হাজার ৩২০ ভোটে পরাজিত হওয়ার পর ফল টেম্পারিংয়ের অভিযোগ তোলেন তিনি।

আমিনুল হক (ঢাকা-১৬) : ধানের শীষ প্রতীকে নির্বাচন করা আমিনুল হক রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে আলোচনায় ছিলেন। কিন্তু দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কর্নেল (অব.) মো. আব্দুল বাতেনের কাছে অল্প ব্যবধানে হেরে যান।

মিয়া গোলাম পরওয়ার (খুলনা-৫) : বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনা-৫ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগারের কাছে ২ হাজার ৭০২ ভোটে পরাজিত হন।

মোহাম্মদ শিশির মনির : জামায়াত প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনিরকে নিয়ে জয়ের প্রত্যাশা ছিল বেশি। তবে বিএনপির নাছির উদ্দিন চৌধুরীর কাছে বড় ব্যবধানে হারেন তিনি।

হামিদুর রহমান আজাদ (কক্সবাজার-২) : জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ কক্সবাজার-২ আসনে ৩৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হন।

জিএম কাদের (রংপুর-৩) : লাঙ্গল প্রতীকে নির্বাচন করা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) রংপুর-৩ আসনে তৃতীয় অবস্থানে থাকেন।

 

মাহমুদুর রহমান মান্না (বগুড়া-২) : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসনে প্রত্যাশিত ফল পাননি। মাত্র ৩ হাজার ৪২৬ ভোট পেয়ে জামানত হারান তিনি।