রাজধানীর মিরপুরের মনিপুর এলাকায় ফজরের নামাজ শেষে নেতাকর্মীদের নিয়ে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে তাকে সরাসরি রাস্তা ঝাড়ু দিয়ে আবর্জনা পরিষ্কার করতে দেখা যায়।
কর্মসূচির সময় বক্তব্যে জামায়াত আমির বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের অনিয়ম ও ‘আবর্জনা’ দূর করার লক্ষ্যেই তাদের এই প্রতীকী উদ্যোগ। তিনি একটি পরিচ্ছন্ন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, প্রত্যেকে যদি নিজ নিজ পরিসর পরিষ্কার রাখেন, তাহলে সামগ্রিকভাবে দেশও পরিচ্ছন্ন হবে। তিনি আরও জানান, ঢাকায় অবস্থান করলে নিয়মিত এ ধরনের কর্মসূচিতে অংশ নেবেন এবং রাজধানীর বাইরে গেলেও স্থানীয় সহকর্মীদের সঙ্গে নিয়ে একই উদ্যোগ গ্রহণ করবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করাকে তিনি ‘জুলাইয়ের প্রতি অসম্মান’ হিসেবে দেখছেন। তার ভাষ্য অনুযায়ী, জুলাইয়ের রাজনৈতিক প্রেক্ষাপট না এলে যেমন তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না, তেমনি তিনিও বিরোধীদলীয় নেতা হওয়ার সুযোগ পেতেন না।