টিম পেইনের কোচিং ক্যারিয়ারে যোগ হচ্ছে নতুন অধ্যায়। এই প্রথম দেশের বাইরের কোনো লিগে কোচিং করাতে যাচ্ছেন তিনি। অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ককে প্রধান কোচ হিসাবে নিয়োগ দিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি শিয়ালকোট স্ট্যালিয়ঞ্জ।
অস্ট্রেলিয়ার জার্সিতে ৩৫টি করে টেস্ট ও ওয়ানডে খেলেছেন পেইন। টি ২০ খেলেছেন ১২টি।
খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার পর থেকে কোচিংকে পেশা হিসাবে নেন পেইন। ২০২৪ বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি। তার আগের মৌসুমে ছিলেন দলটির সহকারী কোচ।
এছাড়া অস্ট্রেলিয়া ‘এ’ দল কোচের দায়িত্ব পালন করেছেন পেইন। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দল ও নারী ক্রিকেট দলের সঙ্গেও কাজ করেছেন তিনি। পিএসএলের আরেক নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিকে প্রধান কোচ হিসাবে নিয়োগ দিয়েছে।