সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে কেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত প্রার্থী মুফতি আবুল হাসান বলেছেন, ‘রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতির চাকা সচল রাখলেও তারা পদে পদে অবহেলার শিকার হন। বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি এবং প্রবাসে কেউ মৃত্যুবরণ করলে তার মরদেহ দেশে আনা নিয়ে যে বিড়ম্বনা তৈরি হয়, তা অত্যন্ত অমানবিক।’
গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কানাইঘাট প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মুফতি আবুল হাসান তাঁর বক্তব্যে প্রবাসীদের কল্যাণে বেশ কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে প্রবাসীদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা এবং প্রবাসে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের সরকারি খরচে দেশে এনে দাফনের ব্যবস্থা করা হবে।’
তিনি আরও বলেন, ‘কানাইঘাট ও জকিগঞ্জের শিক্ষিত তরুণদের বিদেশ যাওয়ার আগে সরকারি কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলা হবে, যাতে তারা বিদেশে গিয়ে সম্মানজনক বেতন ও কাজ পায়।
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা সমাজের দর্পণ। এলাকার উন্নয়ন ও বঞ্চিত মানুষের দাবিগুলো আপনাদের লেখনীর মাধ্যমে উঠে আসে। সিলেট-৫ আসনে দেওয়াল ঘড়ি প্রতীকের এই গণজোয়ারের সঠিক চিত্র দেশ ও প্রবাসীদের কাছে পৌঁছে দিতে আপনাদের সহযোগিতা কামনা করছি।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দেওয়াল ঘড়ির কানাইঘাট উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা কামাল উদ্দিন, সদস্য সচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হোছাইন, খেলাফত মজলিস, সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা আবদুস সালাম, কানাইঘাট উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আমানুর রহমান চৌধুরী, কানাইঘাট উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা শরিফ আহমদ, নায়েবে আমির ফয়সল আহমদ, সিলেট মহাসগর খেলাফত মজলিস নেতা মাওলানা মনজুরে মাওলাসহ কানাইঘাট উপজেলার ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছড়া কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।