২৮ মার্চ, ২০২৬

ধোঁকাবাজ রাজনীতিকদের হাতে ইসলাম ও দেশের নিরাপত্তা নেই: চরমোনাই পীর

আজ শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মোঃ ইবরাহীম–এর সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

হাজী মোঃ ইবরাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, স্বাধীনতার ৫৫ বছর অতিক্রান্ত হলেও আজও দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হলেও সাধারণ মানুষের জীবনমানে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। স্বাধীনতার বিনিময়ে দেশবাসী প্রকৃত অর্থে একটি লাল-সবুজ পতাকা ছাড়া তেমন কিছুই পায়নি।

তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকারের অতিমাত্রার তাঁবেদারির কারণে ভারত বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্য হিসেবে মনে করে ইচ্ছেমতো আচরণ করছে, যার ফলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ প্রশ্নবিদ্ধ। তাই দেশকে পরিবর্তন করতে হলে তাকওয়াবান, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব নির্বাচন করতে হবে।

পীর সাহেব আরও বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং একটি মানবিক ও ইনসাফপূর্ণ সমাজ গড়তে ইসলামী আন্দোলন বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। ইসলামী অনুশাসন ছাড়া ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। শান্তি প্রতিষ্ঠা ও জনগণের প্রত্যাশা পূরণে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি ডেমরা ও যাত্রাবাড়ীর শান্তি ও উন্নয়নের লক্ষ্যে ঢাকা-৫ আসনে হাজী মোঃ ইবরাহীমকে হাতপাখা প্রতীকে বিজয়ী করার আহ্বান জানান।

তিনি বলেন, একদল ক্ষমতালোভী রাজনীতিক ক্ষমতার রঙিন স্বপ্ন দেখিয়ে জনগণকে ধোঁকা দেওয়ার নীল নকশা করছে। যারা নিজেদের সাথীদের সাথেই ধোঁকাবাজি করতে পারে, তাদের হাতে ইসলাম ও দেশ কখনোই নিরাপদ নয়। ইসলামী আন্দোলন ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে রাজনীতি করে। ক্ষমতার সহজ রাস্তা বেছে নিতে গিয়ে অন্যায়ের সাথে আপস করেনি ইসলামী আন্দোলন।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানেও ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে গুলির মুখে দেশ রক্ষায় সর্বাগ্রে নেমে এসেছিল। ইসলামী আন্দোলন রাজনীতি করে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে। ইসলামের পক্ষে একমাত্র ব্যালট এখন হাতপাখার ব্যালট। তাই হাতপাখার বিজয়ের লক্ষ্যে সবাইকে বিরামহীনভাবে কাজ চালিয়ে যেতে হবে।

জনসভায় ঢাকা-৫ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী হাজী মোঃ ইবরাহীম বলেন, আমি আপনাদেরই সন্তান ইবরাহীম। আপনাদের ভালোবাসা ও আস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭ নম্বর ওয়ার্ডে দুইবার নির্বাচিত কাউন্সিলর হিসেবে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালন করেছি। এবার আপনাদের দোয়া, সমর্থন ও পরামর্শ নিয়ে চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতিমুক্ত, নিরাপদ, আধুনিক ও মানবিক ঢাকা-৫ গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ।

জনসভায় বিকেল থেকেই ডেমরা রোড ও যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অংশ নেন। একপর্যায়ে জনসভাস্থল বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী দেলওয়ার হোসাইন সাকী, কেন্দ্রীয় সহকারী প্রচার ও দফতর সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, কেন্দ্রীয় সদস্য ডাক্তার শহীদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, ঢাকা-৫ নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেনসহ নগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং ইনসাফ কায়েমের কামনায় মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই বিশাল জনসভার সমাপ্তি ঘটে।