১৬ ফেব্রুয়ারি, ২০২৬

ইসলামি দলগুলো কে কত শতাংশ ভোট পেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চসংখ্যক ইসলামি দল অংশ নেয়। এবারের নির্বাচনে ইসলামপন্থীদের রেকর্ডসংখ্যক প্রার্থীও ছিল। এর আগে কোনো নির্বাচনে এত বিপুলসংখ্যক আলেম প্রার্থী ছিলেন না। নির্বাচন শেষে এবার হিসাব মেলানোর পালা- কোন দল কত শতাংশ ভোট পেল।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন অংশ নেওয়া দলগুলোর ভোটের হিসাব জানিয়েছে। সেখানে দেখা গেছে, বিএনপি ৫০ শতাংশ, জামায়াতে ইসলামী ৩২ শতাংশ এবং এনসিপি ৩ দশমিক ০৫ শতাংশ ভোট পেয়েছে।

এর বাইরে ইসলামি দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ২ দশমিক ৭০ শতাংশ। বাংলাদেশ খেলাফত মজলিস ভোট পেয়েছে ২ দশমিক ০৯ শতাংশ। খেলাফত মজলিস পেয়েছে ০ দশমিক ৭৬ শতাংশ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ভোট পেয়েছে ০ দশমিক ৪৭ শতাংশ।

এছাড়া ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ০ দশমিক ০৮ শতাংশ; বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ০ দশমিক ৪৫ শতাংশ;  বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ০ দশমিক ০৪ শতাংশ ভোট পেয়েছে।

২৯৯ আসনের ভোটে ৬০টি নিবন্ধিত দলের মধ্যে ৫০টি দল অংশগ্রহণ করে। এরমধ্যে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে ইসি। চট্টগ্রাম-২ ও চট্রগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা করা হবে আদালতের মামলা নিষ্পত্তির পর।

ইসির ঘোষিত ফলাফল অনুযায়ী এবারের নির্বাচনে ২৯৭টি আসনে ভোটা পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আর গণভোটে ২৯৯ আসনে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। আর ‘না’ ভোটের পক্ষে ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট।

নির্বাচনে বিএনপি আসন পেয়েছে ২০৯টি। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি। এনসিপি ৬টি। বাংলাদেশ খেলাফত মজলিস ২টি। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন পেয়েছে ১টি। গণঅধিকার পরিষদ পেয়েছে ১টি। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও খেলাফত মজলিস পেয়েছে ১টি করে আসন। অন্যদিকে জাতীয় পার্টিসহ ৪১টি দল কোনো আসনই পায়নি।