আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা দিলওয়ার হোসাইনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব তথ্য জানান সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
জামায়াতে ইসলামীসহ ১১টি দল নিয়ে নির্বাচনি যে সমঝোতা হচ্ছে, সেখানে সিলেট-৩ আসনটি খেলাফত মজলিস পাবে বলে প্রবল সম্ভাবনা রয়েছে। সে হিসেবে মাওলানা দিলওয়ার হোসাইন এই আসনে জোটের একক প্রার্থী হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। আর স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা এবং মাইনুল বাকরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এক শতাংশ ভোটারদের দেওয়া তথ্যে গড়মিল থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল হয়।
নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়ন যাচাই-বাছাইয়ের কার্যক্রম চলবে রোববার পর্যন্ত। আপিল শুরু হবে আগামী ৫ জানুয়ারি। চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।