কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আট প্রার্থীর মধ্যে ছয়জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনের বিধি মোতাবেক কোনো প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের একভাগ ভোট না পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।
জামানত বাজেয়াপ্তরা হলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী (ছড়ি প্রতীক) পেয়েছেন ১২৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কাশেম (হাঁস প্রতীক) পেয়েছেন ৩৩৩ ভোট। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা (ফুটবল প্রতীক) পেয়েছেন ৩৬৪ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মো. গোলাম মোস্তফা কামাল (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ১ হাজার ১৯৯ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. আবু বাকার সিদ্দিক (চেয়ার প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৮৯৫ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সেলিম মাহমুদ (হাতপাখা প্রতীক) পেয়েছেন ৭ হাজার ৪৫৯।
তারা ৬ জনই ১২ ফেব্রুয়ারির জাতীয় ও গণভোট নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের একভাগ ভোট পাননি।
এবারের নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম- মনোহরগঞ্জ) আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৭৮ হাজার ৫৩৫ জন। এ দুই উপজেলায় পুরুষ ভোটার ২ লাখ ৪৭ হাজার ৭৬৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৭৬৯ জন। এ ছাড়া আসনটির লাকসাম উপজেলায় একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এ আসনটিতে দুটি উপজেলায় ১৩৪টি ভোটকেন্দ্রের ৯৬৪টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এরমধ্যে ভোট দিয়েছেন ৩ লাখ ৩ হাজার ২০৮ জন। ভোট বাতিল হয়েছে ৮ হাজার ৫০৫টি। সেই হিসাবে বৈধ ভোট ছিল ২ লাখ ৯৪ হাজার ৯১৬টি। এদিকে লাকসামে প্রদত্ত ভোটের হার ৬৬.৬২ শতাংশ ও অপরদিকে মনোহরগঞ্জে হার ৬২.৯৮ শতাংশ।
প্রদত্ত ভোটের হিসাবে আট ভাগের একভাগ পরিমাণ হবে ২৯ হাজার ৭৪৯ ভোট। তারা ওই পরিমাণ ভোট পাননি। তবে নির্বাচনে এ আসনে ১ লাখ ৬৮ হাজার ১০৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির মনোনীত (ধানের শীষের) প্রার্থী আবুল কালাম। তার নিকটতম প্রার্থী ড.এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪৫৪ ভোট। অর্থাৎ বিএনপির প্রার্থী আবুল কালাম ৫৪ হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সূত্রমতে জানা যায়, নির্বাচনের বিধি মোতাবেক যে কোনো প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার পর প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের একভাগ ভোট প্রার্থীকে পেতে হবে। তা না পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। এটাই নির্বাচনের প্রার্থীদের জন্য প্রযোজ্য নিয়ম।