যশোর-৩ (সদর) আসনের পৌর এলাকার রেলরোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সিল চুরি ও দীর্ঘক্ষণ ব্যালট না থাকার ঘটনা ঘটেছে। এতে ক্ষোভ জানিয়েছেন সেখানকার ভোটারদের একাংশ।
বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। এ সময় কেন্দ্র থেকে সিল নিখোঁজের সঙ্গে ভোট কক্ষে ব্যালট সংকট সৃষ্টি হয়। এতে কেন্দ্রের বাইরে থাকা বিভিন্ন প্রার্থীর কর্মী-সমর্থকরা ক্ষুব্ধ হয়ে উঠলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর উপস্থিতিতে পরিবেশ শান্ত হয়।
প্রত্যক্ষদর্শী ও প্রার্থীর নেতাকর্মীদের অভিযোগ, বেলা ১২টার দিকে রেলরোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি কক্ষে ভোটগ্রহণকালে সিল চুরির ঘটনা ঘটে। এতে সেখানে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকে। কিছু সময় পর কেন্দ্রটির সব কক্ষে একযোগে ব্যালট সংকট দেখা দেয়।
এমন পরিস্থিতে বেশ কয়েকজন ভোটার ক্ষুব্ধ হয়ে উঠেন। অনেক ভোটার যখন ভোট না দিয়ে চলে যায়। তখন কেন্দ্রের বাইরে থাকা বিএনপির প্রার্থী ও সমর্থকেরা হট্টগোল শুরু করে। এতে এক ঘণ্টা ভোটগ্রহণ বিলম্বিত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ভোট গ্রহণ বন্ধ থাকার খবর শুনে কেন্দ্রটি পরিদর্শনে আসেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সকাল থেকেই কেন্দ্রটিতে খুব ধীরগতিতে ভোট গ্রহণ চলছে। বারবার প্রিজাইডিং অফিসারকে অবহিত করলেও পরিস্থিতি পরিবর্তন হয়নি। এরপর সীল চুরি হয়। পরে কেন্দ্রটির ব্যালট পেপারই শেষ হয়ে যায়। তখন ভোটারেরা ভোট দিতে না পেরে হট্টগোল শুরু করেন।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওবায়দুর রহমান সকালে নারী বুথ থেকে একটি সিল হারিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। সিলের অভাবে কিছুক্ষণ ভোটগ্রহণের গতি ধীর ছিল।