বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার ফুযালা পরিষদ (প্রাক্তন ছাত্র পরিষদ)-এর উদ্যোগে আগামীকাল ৭ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘ফুযালা সম্মেলন ২০২৬’।
জামেয়া মিলনায়তনে অনুষ্ঠেয় এই সম্মেলনকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলায় থাকছে বহুমুখী আয়োজন। সম্মেলনের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে, বরেণ্য শিক্ষকদের মূল্যবান দিকনির্দেশনা এবং দেশবরেণ্য স্কলারদের বিশেষ বিষয়ভিত্তিক আলোচনা।
সম্মেলনে দিকনির্দেশনামূলক আলোচনা করবেন, জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকার শায়খুল হাদীস মাওলানা আবুল বাশার সাইফুল ইসলাম, জামেয়া শরইয়্যাহ মালিবাগ ঢাকার শায়খুল হাদীস মাওলানা আবু সাবের আব্দুল্লাহ, জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকার সিনিয়ুর মুহাদ্দিস মাওলানা তাহমীদুল মাওলা, মারকাযুদ দাওয়াহ ঢাকার খতমে নবুওয়াত বিভাগের মুশরিফ মাওলানা হুসাইন আহমদসহ জামেয়ার আসাতেযায়ে কেরাম।
এ ছাড়া সম্মেলনে অংশ নেওয়া ফাযিলরা তাদের স্মৃতিচারণ ও অভিব্যক্তি প্রকাশ করবেন। বিশেষ আকর্ষণ হিসেবে কৃতি প্রাক্তন ছাত্রদের বিশেষ সম্মাননা ‘তোহফায়ে তাকরিম’ প্রদান করা হবে।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার ফুযালা পরিষদ ও জামেয়া কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল প্রাক্তন শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত হয়ে সম্মেলনকে সফল করার আহ্বান জানিয়েছে।