রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলা ও নেতাকর্মীদের আহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশপ্রেমিক ছাত্রঐক্য পরিষদ।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সংগঠনটির প্রচার সমন্বয়ক মামুন মাসুম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই বর্বরোচিত হামলার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের আন্দোলন একটি ন্যায়সংগত আন্দোলন। এই আন্দোলনের সাথে আমরাও ঐকমত্য পোষণ করছি। তাছাড়া এটা নাগরিক অধিকারও।’
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ‘কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করলাম, একটি শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ফাতেমা তাসনিম জুমা ও রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ শতাধিক নেতাকর্মীকে আহত করা হয়েছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ। গণতান্ত্রিক দেশে ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর এমন দমন-পীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন দেশপ্রেমিক ছাত্রঐক্য পরিষদের আহ্বায়ক শামছুল হক ইবনে সিরাজ, সদস্যসচিব ইলিয়াস মশহুদ, শুয়াইবুর রহমান, মিছবাহ উদ্দিন চৌধুরী, মানসুর আহমদ, মামুন আবদুল্লাহ, আহমদ যাকারিয়া, ফেদাউর রহমান।
নেতৃবৃন্দ আরও বলেন, ‘সরকারের উচিত অবিলম্বে এই হামলার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখা। আমরা আহত সকল নেতাকর্মীর দ্রুত সুস্থতা কামনা করছি এবং এই ঘটনার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশপ্রেমিক ছাত্র সমাজ রাজপথে সোচ্চার থাকবে।’