করিম বেনজেমা আল-ইত্তিহাদ ছেড়ে সৌদি প্রো লিগেরই প্রতিদ্বন্দ্বী আল-হিলালে যোগ দিয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে আল-হিলাল।
৩৮ বছর বয়সী বেনজেমার আল-ইত্তিহাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে আর ছয় মাস বাকি ছিল। ক্লাবের দেওয়া নতুন চুক্তির প্রস্তাব তিনি ‘অসম্মানজনক’ মনে করে প্রত্যাখ্যান করেন। সূত্র জানিয়েছে, সেই প্রস্তাবে কার্যত বিনা পারিশ্রমিকে খেলার মতো শর্ত ছিল, যা বেনজেমা মানেননি।
সৌদি প্রো লিগ ও পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) শেষ পর্যন্ত ডেডলাইন দিনে জট খুলে দেয়। ইউরোপ থেকে প্রস্তাব থাকলেও, ইমেজ রাইটস চুক্তি ২০৩০ সাল পর্যন্ত থাকায় সৌদিতেই থাকতে চেয়েছিলেন ফরাসি তারকা। আর সেটিই পথ করে দেয় আল-হিলালে তার যাত্রা।
এই দলবদল মোটেও ভালোভাবে নেননি ক্রিস্টিয়ানো রোনালদো। সূত্র বলছে, আল-নাসরের হয়ে সোমবার খেলতে অস্বীকৃতি জানান পর্তুগিজ তারকা। তার অভিযোগ, পিআইএফ আল-নাসরের বদলে অন্য ক্লাবগুলোকে বেশি সুবিধা দিচ্ছে, বিশেষ করে আল-হিলাল ও আল-ইত্তিহাদকে।
২০২২ সালে সৌদিতে আসার পর এখনও লিগ শিরোপা জেতা হয়নি রোনালদোর। সেখানে তার দীর্ঘদিনের সতীর্থ, রিয়াল মাদ্রিদের সাবেক সঙ্গী বেনজেমা গত মৌসুমেই আল-ইত্তিহাদকে লিগ ও কিংস কাপ জিতিয়েছেন। এবার সেই বেনজেমাই চলে গেলেন সৌদির সবচেয়ে সফল ক্লাব আল-হিলালে।
২১টি লিগ শিরোপা ও চারটি এশিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা আল-হিলাল গত বছর ক্লাব বিশ্বকাপে ম্যানচেস্টার সিটিকে ৪–৩ গোলে হারিয়ে চমক দেখায়। বর্তমানে দলটির কোচ দুইবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্ট সিমোনে ইনজাগি। বেনজেমার মতো পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী তারকার যোগ দেওয়া দলটিকে আরও ভয়ংকর করে তুলেছে।