২ ফেব্রুয়ারি, ২০২৬

ইসলামি রাজনীতি

কানাইঘাট-জকিগঞ্জকে বৈষম্যহীন শান্তির জনপদ হিসেবে গড়ে তুলব: মুফতি আবুল হাসান

কানাইঘাট-জকিগঞ্জকে বৈষম্যহীন শান্তির জনপদ হিসেবে গড়ে তুলব: মুফতি আবুল হাসান

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণায় নতুন জোয়ার সৃষ্টি করেছেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী শায়খুল হাদীস মুফতি আবুল হাসান।

গতকাল সোমবার (১ ফেব্রুয়ারি) কানাইঘাটের গাছবাড়ি বাজারে দেওয়াল ঘড়ি মার্কার সমর্থনে আয়োজিত বিশাল গণসংযোগ ও পথসভায় যেন মানুষের ঢল নামে। দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ এই পথসভায় অংশ নেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে দেওয়াল ঘড়ির প্রার্থী মুফতি আবুল হাসান তাঁর বক্তব্যে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সংসদীয় এলাকা গড়ার প্রতিশ্রুতি দেন।

মুফতি আবুল হাসান বলেন, আমি নির্বাচিত হলে কোনো নির্দিষ্ট দলের এমপি হব না, কানাইঘাট-জকিগঞ্জের প্রতিটি মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করব।

তিনি আরও বলেন, কানাইঘাট-জকগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হামলা, মামলা বা জুলুম করার সংস্কৃতি চিরতরে বন্ধ করা হবে। যে দলই করেন না কেন, যৌক্তিক দাবি এবং সমালোচনাকে সর্বোচ্চ সম্মান জানানো হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

সরকারি বরাদ্দ বিতরণে দলীয় ভেদাভেদ দূর করার অঙ্গীকার করে তিনি বলেন, বিরোধী মতের ভোটার এলাকা হলেও সেখানে উন্নয়নের হক সবার আগে পূরণ করা হবে। ওলামায়ে কেরাম ও সুশীল সমাজের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় তিনি সোচ্চার থাকার ঘোষণা দেন। সবাইকে সাথে নিয়ে তিনি এই দুই উপজেলাকে একটি শান্তির জনপদ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখান।

তিনি আরও বলেন, উন্নয়ন কাজের টেন্ডার প্রক্রিয়ায় কোনো দলীয় প্রভাব বা সিন্ডিকেট থাকবে না। উন্মুক্ত ই-টেন্ডারের মাধ্যমে কাজের মান নিশ্চিত করা হবে এবং কোনো ‘ভাইয়ের’ হস্তক্ষেপ চলবে না। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ বাণিজ্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীরা চাকরি পাবেন এবং কেউ ঘুস চাইলে সরাসরি এমপি অফিসে অভিযোগ করার ব্যবস্থা রাখা হবে।

এ দিনের বিশাল সমাবেশে জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পথসভা শেষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। এ সময় মুফতি আবুল হাসানের সমর্থনে নানা স্লোগান দেওয়া হয়।

Home R3