৬ ফেব্রুয়ারি, ২০২৬

ইসলামি রাজনীতি
সিলেট-৩

জনমত জরিপে এগিয়ে রিকশা, ‘দেশি না বিদেশি’ বিতর্কে বিপাকে ধানের শীষ

জনমত জরিপে এগিয়ে রিকশা, ‘দেশি না বিদেশি’ বিতর্কে বিপাকে ধানের শীষ

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের নির্বাচনী সমীকরণ দ্রুত পাল্টাচ্ছে। সাম্প্রতিক বিভিন্ন বেসরকারি জনমত জরিপ ও মাঠপর্যায়ের ভোটারদের ভাষ্যমতে, এই আসনে এবার বড় ধরণের চমক দেখাতে যাচ্ছেন ‘রিকশা’ প্রতীকের প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দিন রাজু। অন্যদিকে, ‘দেশি না বিদেশি’ প্রার্থীর বিতর্ক সামনে আসায় ধানের শীষের প্রার্থীকে বেশ চাপের মুখে পড়তে হচ্ছে।

নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি থাকতে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন মহলের পরিচালিত জরিপে দেখা গেছে, জনসমর্থনে অন্যদের চেয়ে বেশ খানিকটা এগিয়ে আছেন মুসলেহ উদ্দিন রাজু। বিশেষ করে সাধারণ মেহনতি মানুষ এবং তরুণ ভোটারদের মধ্যে ‘রিকশা’ মার্কার প্রতি এক ধরনের আবেগীয় ও রাজনৈতিক ঝোঁক তৈরি হয়েছে। ভোটারদের মতে, রাজুর তৃণমূলমুখী রাজনীতি এবং সব শ্রেণির মানুষের সাথে সহজে মিশে যাওয়ার ক্ষমতা তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে এসেছে।

সিলেট-৩ আসনে এবার সবচেয়ে আলোচিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে প্রার্থীর অবস্থান। ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিককে নিয়ে সাধারণ ভোটারদের একটি বড় অংশ ‘প্রবাসী’ বা ‘বিদেশি’ ট্যাগ ব্যবহার করছেন। বিরোধীদের প্রচার এবং সাধারণ আলোচনায় উঠে আসছে যে, নির্বাচনের সময় যারা বিদেশ থেকে এসে ভোট চান, তাদের দিয়ে এলাকার স্থায়ী উন্নয়ন সম্ভব নয়।

উঠান বৈঠক ও পথসভাগুলোতে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, বিপদে-আপদে কাকে পাশে পাওয়া যাবে? এলাকার মাটির সন্তান মুসলেহ উদ্দিন রাজুকে, নাকি যিনি বছরের অধিকাংশ সময় দেশের বাইরে অবস্থান করেন তাকে? এই আঞ্চলিকতার প্রশ্নে ধানের শীষের প্রার্থী অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, রিকশা প্রতীকের প্রচারণা ও মিছিলে সাধারণ মানুষের অংশগ্রহণ চোখে পড়ার মতো। দক্ষিণ সুরমার এক ভোটার বলেন, ‘আমরা এমন একজনকে চাই যাকে ডাকলেই পাওয়া যায়। রাজু সাহেব সবসময় আমাদের সুখ-দুঃখে মাঠে থাকেন। অন্যদিকে ধানের শীষের প্রার্থীর সাথে সাধারণ মানুষের এক ধরণের দূরত্ব তৈরি হয়েছে।’

যদিও বিএনপির প্রার্থীর পক্ষে প্রবাসী সমর্থকদের একটি বড় অংশ দেশে এসে প্রচারণা চালাচ্ছেন, তবে স্থানীয় সেন্টিমেন্ট বা আঞ্চলিকতার প্রশ্নে তারা ‘রিকশা’র চেয়ে পিছিয়ে আছেন। ১১ দলীয় জোটের ঐক্যবদ্ধ শক্তি এবং প্রার্থীর মাটির মানুষ ইমেজ—এই দুইয়ের সমন্বয়ে সিলেট-৩ আসনে রিকশা প্রতীকের পালে জোর হাওয়া বইছে। জরিপ বলছে, যদি সুষ্ঠু ভোট হয়, তবে এই আসনে রিকশা প্রতীকের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র।