সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে জমিয়তের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাফেজ ফখরুল ইসলামের পক্ষে অবস্থান নেওয়ায় বহিষ্কার এড়াতে পদত্যাগ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিলেট জেলা দক্ষিণ ও বিয়ানীবাজার উপজেলা শাখার এক প্রভাবশালী নেতা।
গতকাল (২ ফেব্রুয়ারি) তিনি সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সভাপতি বরাবর তাঁর সকল সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।
জানা গেছে, সিলেট-৬ আসনে জমিয়তের অফিশিয়াল সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি জোট মনোনীত প্রার্থী এমরান আহমদ চৌধুরীর পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু দলের এই প্রভাবশালী কর্মী দলীয় প্রার্থীর পরিবর্তে নির্বাচনী মাঠে থাকা একজন আলেম প্রার্থীর পক্ষে কাজ করার প্রকাশ্য ঘোষণা দেন।
দলীয় সূত্র জানায়, সংগঠনের পদে থেকে জোটের প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হয়, যার শাস্তি সরাসরি বহিষ্কার। এই সাংগঠনিক জটিলতা ও বহিষ্কারের গ্লানি এড়াতেই তিনি আগেভাগে পদত্যাগের পথ বেছে নিয়েছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
পদত্যাগকারী ওই নেতা সোশাল মিডিয়ায় দেওয়া তাঁর এক বিবৃতিতে জানান, একজন আলেম হিসেবে বিবেকের তাড়নায় তিনি আলেম প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। তবে দলীয় পদে থেকে জোটের সিদ্ধান্তের বাইরে যাওয়া নীতিবিরুদ্ধ হওয়ায় আমি পদত্যাগপত্র জমা দিয়েছি।
তিনি আরও উল্লেখ করেন, এখন থেকে তাঁর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য দল দায়ী থাকবে না এবং আমি একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মাঠে কাজ করে যাব।
সিলেট-৬ আসনের এই রাজনৈতিক মেরুকরণ এখন স্থানীয় ভোটারদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। একদিকে দলীয় শৃঙ্খলা, অন্যদিকে ব্যক্তিগত আদর্শিক অবস্থান—সব মিলিয়ে এই নেতার পদত্যাগ নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করল।