১৪ ফেব্রুয়ারি, ২০২৬

৩৮৫ ভোট বেশি পেয়ে জিতলেন রিকশা প্রতীকের পীরজাদা হানজালা

মাদারীপুর-১ (শিবচর) আসনে সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা। রিকশা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬৪,৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাদিরা আক্তার পেয়েছেন ৬৪,৫২৪ ভোট। মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে তিনি জয়ী হন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে শিবচরের ৫৪.৯২ শতাংশ মানুষ ভোট দিয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তার সূত্রে জানা গেছে, ১০২টি ভোটকেন্দ্রে সাইদ উদ্দিন আহমাদ হানজালা রিকশা প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাদিরা আক্তার পেয়েছেন ৬৪ হাজার ৫২৪ ভোট।

এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৪৫ হাজার ৬২২ জন, যার মধ্যে ১ লাখ ৮০ হাজার ৬৯৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের ৫৪.৯২ শতাংশ।এ নির্বাচনের সঙ্গে একই দিনে দেশব্যাপী জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর-১ আসনে গণভোটের ফল অনুযায়ী, ১০২টি কেন্দ্রের মধ্যে সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯৯ হাজার ৪৭টি, আর ‘না’ ভোট পড়েছে ৬৫ হাজার ২১২টি।

জাতীয় সংসদ নির্বাচনে নতুন মুখ হিসেবে প্রার্থী হয়েছেন হাজী শরিয়তউল্লাহ (রহ.)-এর সপ্তম পুরুষ পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

রাজনৈতিক অঙ্গনে নতুন হলেও তিনি তার স্বল্প সময়ে স্থানীয় পর্যায়ে শক্ত অবস্থান গড়ে তুলেছেন, বিশেষ করে তরুণ সমাজের কাছে তিনি একজন সক্রিয় ও সহজে যোগাযোগযোগ্য নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।