নির্বাচনকে শান্তিপূর্ণ দেখানোর আড়ালে সন্ধ্যার পর থেকে পরিকল্পিত কারচুপির মাধ্যমে ফল বদলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামুনুল হক। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিয়ে তামাশা করা হয়েছে।
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ১১ দলীয় জোটের কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন-পরবর্তী সহিংসতা, হামলা ও নির্যাতনের প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করা হয়।
মামুনুল হক দাবি করেন, ১২ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল ছিল সাজানো এবং লক্ষ্যভিত্তিকভাবে কিছু প্রার্থীকে সংসদে যেতে বাধা দেওয়া হয়েছে। তিনি প্রশাসনকে ব্যবহার করে ‘ডিপ স্টেট’ এজেন্ডা বাস্তবায়নের অভিযোগও তোলেন। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনারকে সতর্ক করে তিনি বলেন, আপত্তির সুষ্ঠু তদন্ত না হলে জনগণ তাদের অধিকার আদায় করবে।
সমাবেশে উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরওয়ার, নাসিরুদ্দীন পাটোয়ারী, সাইফুল আলম খান মিলনসহ জোটের শীর্ষ নেতারা। তাঁরা নির্বাচনকে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে বলে অভিযোগ তুলে শহীদ ওসমান হাদী হত্যাসহ সহিংস ঘটনার বিচার দাবি করেন।
বক্তারা বলেন, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসতে দেওয়া হবে না এবং ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত থাকবে।