১১ ফেব্রুয়ারি, ২০২৬

সিলেটি ভাষার অভিনব ফেস্টুন ‘ইবার দিলাইতাম’

সিলেট নগরের ব্যস্ত সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও অলি-গলিতে চোখে পড়ছে অদ্ভূত একটি ফেস্টুন। সাদা পটভূমিতে কালো হরফে লেখা ইবার দিলাইতাম’। হঠাৎ করে এমন ফেস্টুন নগরজুড়ে ঝুলে পড়ায় কৌতূহল তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

নগরীর আম্বরখানা, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, চৌহাট্টা, শিবগঞ্জ, শাহজালাল উপশহরসহ বিভিন্ন এলাকায় এসব ফেস্টুন দেখা গেছে। স্থানীয়দের ধারণা, প্রচার প্রচারনার শেষ সময় পার হওয়ার আগেই এই ধরনের ব্যানার টানানো হয়েছে।

রিকশাচালক ও পথচারীদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। একজন পথচারী বলেন, ‘প্রতিদিন যাতায়াত করি, হঠাৎ করে সব জায়গায় একই লেখা দেখে অবাক হচ্ছি। ভোটের আগে প্রচার-প্রচারণার কোনো কৌশল হতে পারে এটি।’

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে এখনও সঠিক কিছু জানা হয়নি। তবে আমরা খোঁজ নিয়ে এ বিষয়টি বলতে পারব।’

তবে নগরের কিছু কিছু জায়গায় ফেষ্টুনের কোনায় জামায়াতে ইসলামীর দলীয় প্রতীক দেখা যায়। এ ব্যাপারে  সিলেট মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল বলেন, ‘আমরা ভিন্নভাবে অনলাইন অফলাইনে নতুন নতুন কন্টেন্ট নিয়ে কাজ করছি। যেটা দ্রুত ভোটের ব্যাপারে  মানুষকে সচেতন করতে পারে। এটা এরকম চিন্তারই একটা অংশ৷ আমাদের প্রত্যাশা মানুষ সিলেটি ভাষা সহজে বুঝবে। তাই মানুষকে আকৃষ্ট করছে ফেস্টুনটি৷’

তিনি আরও বলেন, ‘আমরা এভাবে প্রচারের ক্ষেত্রে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করছি বিশেষতঃ অনলাইনটাই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। ইনশাআল্লাহ আরো নতুন কিছু দেখবেন।’

Home R3