সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফেজ শেখ মুশতাক আহমদ। ১১ দলীয় জোটের পক্ষ থেকে একক প্রার্থী দেওয়ার বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে না পারায় দলগত সিদ্ধান্তে তিনি এই ঘোষণা দেন।
রোববার দুপুরে জগন্নাথপুরে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে শেখ মুশতাক আহমদ জানান, নির্বাচনী প্রচারণায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষের কাছ থেকে তিনি অভূতপূর্ব সাড়া পাচ্ছিলেন। জোটের একক প্রার্থী হওয়ার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেও কোনো সমাধানে আসা সম্ভব হয়নি। এমতাবস্থায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আক্ষেপ করে বলেন, ‘সুনামগঞ্জ-৩ আসনটি মূলত ইসলামপন্থিদের আসন। ১১ দলীয় জোট সমঝোতায় পৌঁছাতে না পারায় একটি নিশ্চিত আসন আমাদের হাতছাড়া হলো। যদি একক প্রার্থী দেওয়া সম্ভব হতো, তবে জোট আরও শক্তিশালী অবস্থানে থাকতো।’
সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানানো হয় যে, নির্বাচন থেকে সরে দাঁড়ালেও খেলাফত মজলিস বর্তমানে এই আসনে অন্য কোনো প্রার্থী, দল বা প্রতীককে সমর্থন দিচ্ছে না। তবে এলাকার জনগণের পাশে থাকার এবং ভবিষ্যৎ নির্বাচনে পুনরায় সক্রিয় হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, শান্তিগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমান, জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাওলানা সোহেল আহমদ ও সাধারণ সম্পাদক আমিনুল হক প্রমুখ।