৫ ফেব্রুয়ারি, ২০২৬

রিশাদকে ছেড়ে দিল লাহোর কালান্দার্স

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে বল হাতে আগুন ঝরিয়েছেন। হোবার্ট হারিকেন্সের হয়ে ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে হয়ে ছিলেন টুর্নামেন্টের অন্যতম সেরা স্পিনার।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরেও লাহোর কালান্দার্সের শিরোপা জয়ে রেখেছিলেন বড় ভূমিকা। তবুও আসন্ন পিএসএল নিলামের আগে লেগ স্পিনার রিশাদ হোসেনকে ধরে রাখল না লাহোর ফ্র্যাঞ্চাইজি। ড্রাফটের পরিবর্তে এবার প্রথমবারের মতো পিএসএলে অনুষ্ঠিত হতে যাচ্ছে নিলাম। নতুন নিয়মের মারপ্যাঁচে পড়েই মূলত দল হারালেন বাংলাদেশের এই তরুণ তারকা।

পিএসএলের আগের ১০ আসরে ড্রাফট পদ্ধতি থাকলেও এবারই প্রথম নিলামের মাধ্যমে দল সাজাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দল সর্বোচ্চ চারজন করে খেলোয়াড় ধরে রাখার (রিটেইন) সুযোগ পেয়েছে। এই নিয়মের কারণে গত আসরে ৭ ম্যাচে ১৩ উইকেট নেওয়া রিশাদকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে লাহোর। দলটি রিটেইন করেছে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি (প্লাটিনাম), আবদুল্লাহ শফিক (ডায়মন্ড), সিকান্দার রাজা (গোল্ড) এবং মোহাম্মদ নাঈমকে (সিলভার)।

এবার পিএসএলের পরিধি বেড়েছে। হায়দরাবাদ ও শিয়ালকোট স্ট্যালিয়নজ নামে দুটি নতুন দল যুক্ত হওয়ায় ৬ দলের টুর্নামেন্ট এখন ৮ দলের লিগে রূপ নিয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মেগা নিলাম। আর মাঠের লড়াই শুরু হবে ২৬ মার্চ, ফাইনাল ৩ মে। নতুন দল শিয়ালকোট স্ট্যালিয়নজ এরই মধ্যে চমক দেখিয়েছে। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভেন স্মিথকে দলে ভিড়িয়েছে তারা।

রিটেনশন তালিকায় বড় চমক দিয়েছে মুলতান সুলতানস। তারা পুরোনো কোনো খেলোয়াড়কেই ধরে রাখেনি। অন্যদিকে, পেশোয়ার জালমি বাবর আজমকে ধরে রাখলেও ছেড়ে দিয়েছে উদীয়মান তারকা সাইম আইয়ুবকে। ইসলামাবাদ ইউনাইটেড শাদাব খানকে রাখলেও ছেড়ে দিয়েছে নাসিম শাহ ও মোহাম্মদ নওয়াজের মতো তারকাদের। করাচি কিংসশান মাসুদকে ছেড়ে দিলেও রিটেইন করেছে হাসান আলী ও আব্বাস আফ্রিদিকে। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স মোহাম্মদ আমির ও রাইলি রুশো বাদ পড়লেও টিকে গেছেন আবরার আহমেদ।

রিশাদকে ছেড়ে দিলেও নিলামে তাকে ফের দলে ভেড়ানোর সুযোগ থাকছে লাহোরসহ অন্য দলগুলোর সামনে।