১১ ফেব্রুয়ারি, ২০২৬

রিকশার কর্মী-সমর্থকদের ওপর বিএনপির হামলার অভিযোগ

কিশোরগঞ্জ-৬ আসনে (ভৈরব-কুলিয়ারচর) ১১ দলীয় জোট প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আতাউল্লাহ আমিনের গণসংযোগের সময় নারী কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে।  সোমবার ( ৯ ফেব্রুয়ারি) বিকালে ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ায় হামলার ঘটনা ঘটে। সোমবার রাতে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।

অপরদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছে ভৈরব উপজেলা বিএনপি। নারী ভোটারদের প্রলোভন দেখিয়ে কম্বল, বোরকা, চাদর বিতরণ করা হচ্ছিল বলে জানান তারা।

এ বিষয়ে এনসিপির কিশোরগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক শরীফুল হক জয় বলেন, সকাল থেকে আমাদের প্রার্থী আতাউল্লাহ আমিনকে নিয়ে গণসংযোগে ছিলাম। তার বাড়ির পাশে আমানত ইসলামী স্কুল। এটি ওই প্রার্থীর পরিবারের সদস্যরা পরিচালনা করেন।  ট্রাস্টি বোর্ডের অর্থায়নে নির্বাচনের তফসিল ঘোষণার আগে কম্বল বিতরণ করা হয়। কম্বলের কিছু সেখানে রয়ে যায়। আজ বেলা আড়াইটার দিকে আতাউল্লাহ আমিনের বাড়ির সামনে থেকে কিছু নারী তার পক্ষে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় যুবদলের কয়েকজনের নেতৃত্বে হামলা চালানো হয়। একপর্যায়ে তারা আমাদের প্রার্থীর বোন ও ভগিনীপতির গায়ে হাত তোলেন। পরে পুলিশ ও সেনাসদস্যরা সেখানে আসার পর হামলাকারী স্থান ত্যাগ করে।

অভিযোগ অস্বীকার করে ভৈরব উপজেলা বিএনপি সভাপতি মো.রফিকুল ইসলাম বলেন, আতাউল্লাহ আমিনের বাড়ি থেকে ভোটারদের বোরকা, চাদর, টাকা ও কম্বল দেওয়া হচ্ছিল। এর মাধ্যমে ভোটারদের রিকশা প্রতীকের পক্ষে ভোট দিতে প্ররোচিত করা হয়। পরে এলাকার স্থানীয় কয়েকজন সেখানে গিয়ে প্রতিরোধ গড়ে তোলে। এ সময় প্রার্থীর ভাইসহ কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। নির্বাচনের তিনদিন আগে ভোটারদের উপহার প্রদান করে নির্বাচনি আইন লঙ্ঘন করেছে তারা।

ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ভোটের আগে কোনো প্রার্থীর বাড়ি থেকে কাউকে নগদ অর্থ, বোরকা ও কম্বল দেওয়া আচরণবিধির লঙ্ঘনের শামিল। অথচ রিকশার প্রার্থীর বাড়ির লোকজন তাই করছিলেন।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদ বলেন, একজন প্রার্থীর নারী কর্মীদের ওপর হামলার একটি লিখিত অভিযোগ পেয়েছি। আবার বিএনপির প্রার্থীর পক্ষ থেকে কম্বল, চাদর, বোরকা, টাকা  বিতরণের মৌখিক অভিযোগও পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, আতাউল্লাহ আমীন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব। এবারের নির্বাচনে তিনি রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, আসনটিতে ধানের শীষ প্রতীকে লড়ছেন কিশোরগঞ্জ  জেলা বিএনপির সভাপতি ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ অঞ্চল) শরিফুল আলম।