২৪ ফেব্রুয়ারি, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো অন্তর্বর্তী চুক্তি করবে না ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের ‘অন্তর্বর্তীকালীন চুক্তির’ সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন।

তিনি জোর দিয়ে বলেন, আলোচনার টেবিলেই কেবল বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হয় এবং বাইরে ছড়িয়ে পড়া এসব দাবি কোনোভাবেই নিশ্চিত নয়।

পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তা স্টিভ উইটকফের মন্তব্য প্রত্যাখ্যান করে বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পরস্পরবিরোধী বক্তব্য নতুন কিছু নয়। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে ইরানের রাজনৈতিক অভিধানে ‘নতিস্বীকার’ বা ‘আত্মসমর্পণ’ বলে কোনো শব্দ নেই। গত ৪৭ বছর ধরে সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করাই ইরানের প্রধান লক্ষ্য।

এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসিকে পরমাণু স্থাপনা পরিদর্শনে কোনো বিশেষ শর্ত দেওয়া হবে না বলেও তিনি জানান এবং জোর দিয়ে বলেন, ইরান তার জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেবে না।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর বিমান ও নৌবাহিনীকে ‘সন্ত্রাসী সত্তা’ হিসেবে তালিকাভুক্ত করার বিষয়েও সতর্কবার্তা দেন বাঘাই। তিনি বলেন, এখন থেকে পারস্য উপসাগর এবং আশেপাশের অঞ্চলে ইইউ-ভুক্ত ২৭টি দেশের সামরিক উপস্থিতিকে ইরান ভিন্ন দৃষ্টিতে দেখবে, যার পরিণতি হবে ভয়াবহ।

এছাড়া মধ্যস্থতাকারী দেশ ওমান সফর বা নতুন কোনো প্রস্তাব পাঠানোর বিষয়ে লারিজানির সম্ভাব্য সফর সম্পর্কেও তিনি কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি।

বৃহস্পতিবারের (২৬ ফেব্রুয়ারি) নির্ধারিত আলোচনা প্রসঙ্গে বাঘাই জানান, তেহরান আলোচনার মাধ্যমে সময়ক্ষেপণ করতে চায় না এবং তারা একটি চূড়ান্ত ও অর্থবহ ফলাফলের জন্য প্রস্তুত। তবে কোনো পক্ষ যদি একতরফাভাবে তাদের দাবি চাপিয়ে দিতে চায়, তবে সেই আলোচনা ফলপ্রসূ হবে না।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি আলোচনার আড়ালে কোনো কারসাজি বা প্রতারণার আশ্রয় নেয় কিংবা সংঘাতের পথ বেছে নেয়, তবে ইরানের সশস্ত্র বাহিনী ২৪ ঘণ্টা সতর্ক রয়েছে এবং যেকোনো সামরিক উস্কানির দাঁতভাঙা জবাব দিতে তারা প্রস্তুত।

সূত্র: মেহের নিউজ।

Home R3