১৪ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজয়ী হয়ে প্রতিদ্বন্দ্বীসহ সিলেট-৫ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন মুফতি আবুল হাসান

বিজয়ী হয়ে প্রতিদ্বন্দ্বীসহ সিলেট-৫ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন মুফতি আবুল হাসান
খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উপদেষ্টা, নব নির্বাচিত সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি সিলেট-৫ আসনের সর্বস্তরের নাগরিক, দলীয় ও জোটের শরীক দলসমূহের নেতাকর্মী, সমর্থক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কমকর্তা-কর্মচারী, সাংবাদিক, পর্যবেক্ষক ও নির্বাচনে দায়িত্ব পালনকারী সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো মুফতি আবুল হাসানের প্রধান নির্বাচনী এজেন্ট মুখলিছুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে গতকাল সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন কমিশনের প্রতি ধন্যবাদ জানানো হয়।
বিবৃতিতে তিনি বলেন, ‘আমার প্রতি জনগণ ব্যলটের মাধ্যমে যে আস্থা ও বিশ্বাস স্থাপন করেছেন, তা অটুট রাখতে আমি বদ্ধপরিকর। স্বল্প সময়ের প্রস্তুতি নিয়ে নির্বাচনী মাঠে অবতীর্ণ হয়ে আমি জনতার যে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়েছি, এর ঋণ পরিশোধ করতে আমি অক্ষম। তবে জনগণের প্রতিনিধি হিসেবে আমি সবার সহযোগিতা নিয়ে আগামী ৫ বছর সিলেট-৫ আসনের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব।’
মুফতি আবুল হাসান তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মামুনুর রশীদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ রক্ষায় তাদের আন্তরিকতার জন্য।
তিনি আরও বলেন, ‘আমরা ৩ জনই মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলাম। সবারই লক্ষ্য ছিল অবহেলিত এই জনপদের উন্নয়ন। আগামী দিনের উন্নয়ন প্রচেষ্টায় তাদের আন্তরিক সহযোগিতা পাবো বলে আমি বিশ্বাস রাখি।’
মুফতী আবুল হাসান দেওয়াল ঘড়ির সকল নেতাকর্মীর উদ্দেশে বলেন, ‘বিজয়য়ের আনন্দে আত্মহারা না হয়ে জনগণ কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রস্তুতি নিন। জনগণের মধ্যে বিভেদ নয়; ঐক্য গড়ে তুলুন। আল্লাহ আমাদের সকলকে উত্তম বদলা দিন।’