বরিশালের ছয়টি সংসদীয় আসনেই এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার রাত ৯টায় বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল থেকে এ তথ্য উঠে এসেছে।
ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিপরীতে কোথাও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা, আবার কোথাও জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর মধ্যে একটি আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সমর্থিত ও এবি পার্টি মনোনীত প্রার্থীও মাঠে আছেন।
বেসরকারী তথ্যানুযায়ী, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ১২৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৮০টির সর্বশেষ প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন এগিয়ে আছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৬১ হাজার ২০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৭৭৬ ভোট।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের ১৪০টি কেন্দ্রের মধ্যে ৩০টির বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী শরফুদ্দিন আহমেদ এগিয়ে রয়েছেন।
ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৩০ হাজার ৪৩৪ ভোট। জামায়াতে ইসলামীর প্রার্থী মাস্টার আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ১১৬ ভোট। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. নেছার উদ্দিন পেয়েছেন ১ হাজার ৬৬৬ ভোট।
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে মোট ১২৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫টির ফলাফলে বিএনপির প্রার্থী জয়নুল আবেদীন এগিয়ে আছেন।
ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৩ হাজার ৩২৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসাদুজ্জামান ভূঁইয়া (ফুয়াদ) পেয়েছেন ১ হাজার ৫৯৭ ভোট।
বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের ১৪০টি ভোটকেন্দ্রের মধ্যে ৮টির ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী রাজিব আহসান এগিয়ে রয়েছেন। এসব কেন্দ্রে মোট ভোট পড়েছে ১৪ হাজার ৭৩টি। এর মধ্যে ধানের শীষ প্রতীকে রাজিব আহসান পেয়েছেন ৮ হাজার ৩৮৯ ভোট।
জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল জব্বার পেয়েছেন ৪ হাজার ২৮৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ আবুল খায়ের পেয়েছেন ১ হাজার ৩৬৪ ভোট।
বরিশাল-৫ (সদর) আসনে মোট ভোটকেন্দ্র ১৭৬টি। এর মধ্যে ১০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফল অনুযায়ী, বিএনপির প্রার্থী মজিবুর রহমান সারোয়ার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪২৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৩০ ভোট।

