ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও হেরেছিল নেপাল। সেই সাহসী পারফরম্যান্সের পর সবাই ধরেই নিয়েছিল, ইতালিকে নিয়ে ছেলেখেলা করবে নেপাল। কিন্তু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার লেখা হলো ভিন্ন এক ইতিহাস। নেপালকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম জয়েই ইতিহাস গড়ল নবাগত ইতালি।
টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইতালি অধিনায়ক। তার এই সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, তা প্রমাণ করেন ইতালির বোলাররা। স্পিন বিষে নীল করে নেপালকে মাত্র ১২৩ রানেই গুটিয়ে দেয় তারা (১৯.৩ ওভার)।
১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নেপালি বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান ইতালির দুই ওপেনার অ্যান্থনি মোসকা ও জাস্টিন মোসকা। দুই ভাইয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১২.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইতালি।