নির্বাচনী সভায় অংশ নিতে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সফরে আসছেন আলোচিত ইসলামী বক্তা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা উপজেলা) আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচনী সভায় মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী শাহ্ আকরাম আলীর পক্ষে ভোট চেয়ে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
আয়োজকেরা জানান, মামুনুল হকের সড়ক পথে নগরকান্দায় পৌঁছানোর কথা রয়েছে দুপুর ২টার দিকে। এর আগে দুপুর ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভাঙ্গা ঈদগাহ মসজিদ চত্বরে একটি জনসভায় তার বক্তব্য রাখার কথা রয়েছে।
দুপুর আড়াইটার দিকে নগরকান্দা সভায় বক্তব্য দেবেন তিনি। উপজেলা সদরের মহেন্দ্র নারায়ণ একাডেমি (এম.এন.একাডেমি) মাঠে এ সভার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নগরকান্দা উপজেলা আমীর সোহরাব হোসেন বলেন, আমাদের জোটের অন্যতম শীর্ষ নেতা মামুনুল হক।নগরকান্দায় তার সভাটি একটি শান্তিপূর্ণ নির্বাচনী জনসভা হিসেবে আয়োজন করা হয়েছে। আমরা চাই, মানুষ নির্বিঘ্নে এসে বক্তব্য শুনে আবার নিরাপদে বাড়ি ফিরুক।
সভাস্থলের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, নিরাপত্তার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক মাঠে কাজ করবেন।আইনশৃঙ্খলা বাহিনীকেও লিখিতভাবে জানানো এবং অনুমতি নেওয়া হয়েছে। সার্বিক নিরাপত্তা আল্লাহর উপর ভরসা রেখেই আমরা প্রস্তুতি নিয়েছি।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, আজ মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হবে।
একজন জাতীয় নেতার সভা মাথায় রেখেই প্রয়োজনীয় আইনশৃঙ্খলা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। সভায় বিভিন্ন এলাকা থেকে অনেক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতির সম্ভাবনা থাকায় মাঠ ও আশপাশের এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।