গতকাল সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন অভিনয়শিল্পী, নির্মাতা, গায়ক-গায়িকারা। বিকেল সাড়ে তিনটায় রাজধানী বারিধারা ডিওএইচএস এলাকার বারিধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস।
জেমস কেন্দ্রে প্রবেশ করলে ভক্তরা তাকে ঘিরে ধরেন। ভোটার থেকে নির্বাচনের দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর সদস্য ও কর্মকর্তাদের সেলফির আবদার মিটিয়েছেন তিনি।
ভোট দিয়ে প্রতিক্রিয়ায় জেমস গণমাধ্যমকে বলেন, ‘সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়াই দেশ। সামনে যে আসবে, এ ধারা যেন অব্যাহত থাকে। দেশে যেন শান্তি আসে, দেশের মানুষ যেন ভালো থাকে।’
নির্বাচনের পরিবেশ ও ব্যবস্থা নিয়েও কথা বলেন জেমস। বলেন, ‘খুবই স্মুথ সব। এলাম, স্লিপ নিলাম, ভোট দিলাম, সুন্দর। কোনো ঝামেলা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকারকে এর জন্য ধন্যবাদ।’