২৪ মার্চ, ২০২৬

দাওরায়ে হাদিসের ফল প্রকাশ, পাসের হার ৯০

বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ১৪৪৭ হিজরি (২০২৬) খ্রিষ্টাব্দের দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর গড় পাসের হার ৮৯ দশমিক ৯৯ শতাংশ।

মঙ্গলবার (২৪ মার্চ) বোর্ডের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটি, পরীক্ষা মনিটরিং সেল, পরীক্ষা উপকমিটি ও নিরীক্ষকের যৌথ সভায় এ ফল ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান যাত্রাবাড়ী।

কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীরা আল-হাইয়াতুল উলয়ার নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে তাদের ব্যক্তিগত ফল দেখতে পারবেন। সংশ্লিষ্ট মাদরাসার ফলও অনলাইনে দেখা যাবে। ওয়েবসাইটটি হলো— https://hems.alhaiatululya.org, https://hems.alhaiatululya.org/exam-result

মাদরাসার অ্যাডমিনরা বোর্ডের নির্ধারিত এইচইএমএস সফটওয়্যারে নিজ নিজ আইডিতে লগইন করে মাদরাসার ফলাফল ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। বোর্ড অ্যাডমিনরাও নিজ নিজ আইডিতে প্রবেশ করে তাদের অধীনে থাকা সব মাদরাসা ফলাফল ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ২৩ হাজার ৮৮১ জন। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ২৬৮ জন এবং ছাত্রী ৮ হাজার ৬১৩ জন। সারাদেশে ১০৪টি ছাত্র ও ১৫৫টি ছাত্রী মারকাজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফলে দেখা যায়, বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ২১ হাজার ৪৯১ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ২ হাজার ৩৯০ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৪ হাজার ১৮৬ জন এবং ছাত্রী ৭ হাজার ৩০৫ জন। ছাত্রদের পাসের হার ৯২ দশমিক ৯১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮৪ দশমিক ৮১ শতাংশ।

বিভাগভিত্তিক ফলে মুমতাজ (স্টার) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ১ হাজার ৪৭৮ জন এবং ছাত্রী ৯৭ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম) বিভাগে ছাত্র ৪ হাজার ৫৫৯ জন এবং ছাত্রী ১ হাজার ১৪৭ জন উত্তীর্ণ হয়েছে। জায়্যিদ (দ্বিতীয়) বিভাগে ছাত্র ৫ হাজার ৮০২ জন এবং ছাত্রী ৩ হাজার ৪৮৯ জন উত্তীর্ণ হয়েছে।

এছাড়া মাকবুল (তৃতীয়) বিভাগে ছাত্র ২ হাজার ৩৪৭ জন এবং ছাত্রী ২ হাজার ৫৭২ জন উত্তীর্ণ হয়েছে। পরীক্ষা বাতিল (যবত) করা হয়েছে ২০ জনের।

পরীক্ষা প্রবিধি অনুযায়ী ছাত্র ও ছাত্রীদের মেধাক্রম পৃথকভাবে প্রণয়ন করা হয়েছে এবং প্রতি ৫০০ জনে একজনকে মেধা তালিকায় স্থান দেয়া হয়েছে। সে হিসেবে ছাত্রদের ক্ষেত্রে ৩১তম এবং ছাত্রীদের ক্ষেত্রে ১৭তম পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত মেধা তালিকায় ৯৩২ নম্বর পেয়ে ছাত্রদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ঢাকার সূত্রাপুরের মাদরাসা বায়তুল উলূম ঢালকানগরের খালেদ হাছান। ৯২৮ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে চট্টগ্রামের পটিয়ার আল-জামিয়া আল-ইসলামিয়ার মো. আব্বাস।