২০ ফেব্রুয়ারি, ২০২৬

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয় : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান বলেছেন, ‘শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়। আমরা এই দেশ ও দেশের নাগরিকদের ভালোবাসি। যদি কেউ জুলুমের শিকার হয়, তাহলে আমরা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব।’

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৫ সংসদীয় এলাকার উদ্যোগে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা: শফিকুর রহমান বলেন, ‘সরকার ও বিরোধী দল মিলে যেন মানুষের অধিকার নিশ্চিত করতে পারি- সেই চেষ্টা অব্যাহত থাকবে। যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, আমরা আশা রাখব সরকার সেই কাজটাই করবে।’

তিনি বলেন, ‘এতিমদের আমরা এমনভাবে গড়ে তুলতে চাই, যেন তারা দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে।’

‎সম্প্রতি এখন টিভির ‎চার সাংবাদিকের চাকরি হারানোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা: শফিকুর রহমান বলেন, ‘এটা সাংবাদিকদের স্বাধীনতার ওপর নির্লজ্জ আঘাত। আমরা আশা রাখব এসব সাংবাদিকদের যেন চাকরিতে পুনর্বহাল করা হয়।’

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মো: সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগরী সহকারী সেক্রেটারি ডা: ফখরুদ্দিন মানিকের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, মহানগরী নায়েবে আমির আ: রহমান মূসা।

ইফতার মাহফিলে প্রায় এক হাজার এতিম শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Home R3