জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ‘ওরা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। ওরা এমন একটি দল, যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পেছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই।’
তিনি বলেন, ‘শুনলাম জামায়াতের আমির নাকি নারীদের বিরুদ্ধে কথা বলেছেন। আমি জানি না এটা সত্য না মিথ্যা। তবে যদি তিনি এটা বলে থাকেন, তবে এটি চরম অন্যায়। বাংলাদেশের মহিলারা কখনোই এটা মেনে নেবে না।’
জামায়াতের কড়া সমালোচনা করে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘জামায়াত ইসলাম মহিলাদের কাজ করতে দিতে চায় না। তারা বলে মহিলারা ঘরে থাকবে। কিন্তু মহিলারা কাজ না করলে খাবে কী? তারা গার্মেন্টসের নারীদের বলেছে ৫ ঘণ্টার বেশি কাজ করা যাবে না। এটা অবাস্তব কথা।’
নারীদের অধিকার ও শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের মেয়েরা যদি স্কুল-কলেজে না যায়, পড়াশোনা না করে, তবে তারা চাকরি পাবে কোথায়? কোনো সরকার কাজ না করলে কাউকে টাকা দেবে না—এমন প্রতিশ্রুতি দেওয়া বাটপারি ছাড়া আর কিছু নয়।’
তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘নারী-পুরুষ সমান অধিকার নিয়ে বাংলাদেশে বাস করবে। আমাদের দেশে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। ইসলাম ধর্মেও মেয়েদের প্রাপ্য অধিকার প্রদানের কথা বলা হয়েছে। আমরা সেই অধিকার রক্ষা করতে চাই।’
পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।