ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না। কেন্দ্র দখলকারী কার ভাই বা বোন—সেটি বিবেচনা করা হবে না।’
আজ সোমবার বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে স্থানীয় প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে শেষ করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে উপদেষ্টা জানান, ভোটকেন্দ্রের স্বচ্ছতা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এছাড়া পুলিশ সদস্যদের জন্য ২৫ হাজার ৭০০ বডি ওন ক্যামেরা বরাদ্দ দেওয়া হয়েছে। নিরাপত্তার কাজে ড্রোন এবং বিশেষ সুরক্ষা অ্যাপ ব্যবহার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
থানা থেকে লুট হওয়া অস্ত্র পুরোপুরি উদ্ধার না হওয়ার কথা স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার হয়নি, তবে আমাদের তৎপরতায় উদ্ধারের হার বাড়ছে। অবৈধ অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা চলছে।’ তিনি আরও যোগ করেন, নির্বাচনে সহিংসতা মোকাবিলা করা একটি কঠিন চ্যালেঞ্জ, তবে প্রশাসন তা সামলাতে বদ্ধপরিকর।
শেরপুরের ঝিনাইগাতির সাম্প্রতিক সংঘর্ষ ও হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, ‘সেখানে যারা জড়িত বর্তমানে তারা পলাতক। ফলে তাদের ধরতে কিছুটা সময় লাগছে। তবে পুলিশ তাদের আইনের আওতায় আনতে কাজ করছে। ঝিনাইগাতির মতো ঘটনার পুনরাবৃত্তি আর কোথাও হতে দেওয়া হবে না।’
ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেন যে, ছোটখাটো সমস্যা ছাড়া বড় কোনো গোলযোগের আশঙ্কা নেই।
নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারি ঘোষণার আগেই মোবাইলে সবাই ফলাফল পেয়ে যায়। কেন্দ্রে প্রার্থীদের এজেন্টরা ভোটগণনা শেষেই মোবাইলে ফলাফল জানিয়ে দেবেন।’
মতবিনিময় সভায় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব, বিজিবিসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।