১০ ফেব্রুয়ারি, ২০২৬

অন্য দলকে ভোট দিলে কাউকে ছাড়ব না: মঞ্জুরুল আহসান মুন্সী

কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে জামায়াত জোটের প্রার্থী এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দীনকে ভোট না দিলে বাড়িঘর পুড়িয়ে ছারখার করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

ওই আসনে ঋণখেলাপির দায়ে প্রার্থিতা হারানো বিএনপির ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর দেওয়া এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সোমবার রাত ১২টার দিকে উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজারে তিনি এ বক্তব্য দেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এমএ আউয়াল খানসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এদিকে ওই বিএনপি নেতার এমন বক্তব্যে এলাকায় ব্যাপক তোলপাড় চলছে। নেটিজেনরা বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

ভিডিওতে দেখা যায়- মঞ্জুরুল আহসান মুন্সী বলছেন, ‘যদি ক্ষমতায় বিএনপি থাকে আর আপনারা যদি অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। ঘরবাড়ি পুড়াইয়া ছারখার করে দেব। আমি কিন্তু কথা পরিষ্কার করে বলতেছি। মনে কইরেন না আমি ভয় দেখাচ্ছি। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। আমার কথা রেকর্ড করে বলে দিতে পারেন। ফেসবুকে ছেড়ে দিতে পারেন। আমার কোনো অসুবিধা নাই। আমি এটা মিন করতেছি। সুতরাং আমি যেন অপমানিত না হই। আমি যদি অপমানিত হই, সেই অপমানের প্রতিশোধ কিন্তু এভাবেই নিব। ঠিক আছে না? আপনারা আমাকে অপমানিত হইতে দিবেন? তাহলে ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই ট্রাক মার্কায় ভোট দিয়া জয়যুক্ত করবেন। মঞ্জুরুল আহসান মুন্সীকে অপমানের হাত থেকে রক্ষা করবেন। তারেক রহমানকে সরকার গঠনে সহায়তা করবেন।

এদিকে মঞ্জুরুল আহসান মুন্সীর ওই বক্তব্যের ভিডিও  হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে আপলোড করেছেন।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বলেন, মঞ্জুরুল আহসান মুন্সী ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। তিনি ভোটের মাঠে অনৈতিকভাবে প্রভাব বিস্তার করছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।

এ বিষয়ে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী তার ওই বক্তব্যের ব্যাখ্যা উপস্থাপন করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি উল্লেখ করেন, আমার সাম্প্রতিক একটি বক্তব্যের আংশিক অংশ কেটে শর্ট ক্লিপ তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসনাত আব্দুল্লাহ ও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি জনগণের সামনে পরিষ্কার করার জন্য আমি আমার সম্পূর্ণ বক্তব্যটি তুলে ধরছি।

তিনি উল্লেখ করেন, এই বক্তব্যটি আমি আমার নিজ এলাকায়, আমার নিকটাত্মীয়দের সামনে ব্যক্তিগত আক্ষেপ থেকে বলেছিলাম। সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করে একটি মহল আমাকে জড়িয়ে নোংরা রাজনীতিতে লিপ্ত হয়েছে; যা অত্যন্ত দুঃখজনক। আমি বিশ্বাস করি, সত্য কখনো চাপা থাকে না। জনগণ সবসময় সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে জানে।