১৪ ফেব্রুয়ারি, ২০২৬

সুষ্ঠু নির্বাচনের জিহাদ ঘোষণা করেছে নির্বাচন কমিশন: ইসি আনোয়ারুল

সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, নির্বাচনের আর মাত্র ৮০ থেকে ৯০ দিন বাকি। এরপরও কারো মনে যদি সন্দেহ থাকে—নির্বাচন হবে না, তাহলে সেটি ভুল ধারণা। নির্বাচন হবেই, এবং তা হবে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ।

সোমবার (১০ নভেম্বর) সকালে কুমিল্লা বার্ডের কনফারেন্স ভবনে কুমিল্লায় নির্বাচন কমিশন সচিবালয় ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন অফিস আয়োজিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরুপণ ও উত্তরণের উপায়’-শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসি আনোয়ারুল বলেন, নির্বাচনের উপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে। দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আসন্ন নির্বাচনে কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ১৮ কোটি মানুষের প্রত্যাশা একটি ভালো নির্বাচন। অতীতে আমরা বহুবার কলঙ্কিত হয়েছি, এবার সেই কলঙ্ক মুছে দিতে হবে। আমরা একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব মো. আব্দুল হালিম খান, কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান প্রমুখ। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কুমিল্লার মোহাম্মদ আজিজুল ইসলাম সভাপতিত্ব করেন।

জেলা ও উপজেলা পর্যায়ের ভোটগ্রহণ কর্মকর্তারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রতিটি ভোটগ্রহণ কর্মকর্তাকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ভোটকেন্দ্রই গণতন্ত্রের প্রতিচ্ছবি, তাই সেখানে দায়িত্ব পালনে কোনো অবহেলা চলবে না।

কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে ইসি আনোয়ারুল বলেন, জনগণের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় অর্জন। নির্ভয়ে, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন—দেশ আপনার পাশে আছে। এই কর্মশালা নির্বাচন কমিশনের সেই দৃঢ় প্রতিশ্রুতি প্রতিফলিত করছে, যেখানে সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা প্রধান লক্ষ্য।

Home R3