যারা ইসলামের নাম দিয়ে নারীদের ওপর হামলা করে, তারা ইসলামি দল হতে পারে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, আজ খুলনায় হাতপাখার নারী কর্মীদের ওপর জামায়াতের লোকেরা হামলা করেছে। এটা কোনো মানুষের কাজ হতে পারে না।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-৪ আসনে হাতপাখার প্রার্থী মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর সমর্থনে কদমতলী পাটেরবাগ পানির পাম্প সংলগ্ন নির্বাচনি জনসভায় এ মন্তব্য করেন তিনি।
মুহাম্মাদ রেজাউল করীম বলেন, আমি জামায়াতের লোকদের বলব, আপনারা ক্ষমতায় যেতে পারেননি, ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছেন। কিন্তু ক্ষমতায় যাওয়ার আগেই আপনাদের যে আচরণ, তা অত্যন্ত প্রশ্নবিদ্ধ ও দুঃখজনক। আমি এর ধিক্কার জানাই।
তিনি বলেন, আপনারা দেখেছেন খুলনা-১ আসনে আমাদের নারী কর্মীরা নারী ভোটারদের কাছে গণসংযোগকালে জামায়াতের লোকেরা আমাদের মা-বোন-মেয়েদের ওপর নগ্ন হামলা করেছে। বোরকা ছিঁড়ে ফেলেছে। এটা কেমন আচরণ? আমরা এমন কাজের কঠোর নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি প্রশাসন, সরকার ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, হামলাকারী জামায়াত কর্মীদের আইনের আওতায় আনার জন্য। ব্যবস্থা নেওয়া না হলে কঠোর পরিস্থিতি তৈরি হবে।
বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আমাদের গর্ব সেনাবাহিনী। ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী সেনাবাহিনী নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, আমরা এর নিন্দা জানাই এবং ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।