১৩ ফেব্রুয়ারি, ২০২৬

ধানের শীষে নির্বাচন করে তৃতীয় হলেন রশিদ বিন ওয়াক্কাস

যশোর-৫ (মণিরামপুর) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মুফতি ওয়াক্কাস রহ.-এর ছেলে জমিয়ত একাংশের (অনিবন্ধিত) সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাস বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে বিপুল ব্যবধানে পরাজিত হয়েছেন।

এই আসনে  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক (দাঁড়িপাল্লা প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ১২৮টি কেন্দ্রের মধ্যে অ্যাডভোকেট গাজী এনামুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৫৮৮ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল কলস প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৫১৬ ভোট। আর ১৮ হাজার ৪৪৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন বিএনপির প্রার্থী রশিদ বিন ওয়াক্কাস।

উল্লেখ্য, যশোর-৫ (মনিরামপুর) আসনটি ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ১২৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ২৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৪৭৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৭৭১ জন।